সুপ্রিম কোর্টের রেস্তোরাঁয় মুরগির পচা মাংস!

সুপ্রিম কোর্টে আইনজীবীদের জন্য সংরক্ষিত একটি রেস্তোরাঁয় মিলল মুরগির পচা মাংস। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় ‘অলিম্পিয়া প্যালেস’ নামের ওই রেস্তোরাঁয় পচা মাংস পাওয়ার এ ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য শামীম সরদারের নেতৃত্বে সমিতির কয়েকজন সেখানে অভিযান চালিয়ে এসব পচা মাংসের সন্ধান পান।

এমন ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন আইনজীবীরা। আইনজীবীদের জিজ্ঞাসায় রেস্তোরাঁটির ব্যবস্থাপক সোহান পচা মাংস রাখার কথা স্বীকারও করেন। আইনজীবীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টের ক্যান্টিন ও রেস্তোরাঁগুলোতে পচা-বাসি খাবার সরবরাহ করা হলেও কোনো তদারকি নেই। পচা মাংস পাওয়ার ঘটনা জানার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কয়েকজন নেতা জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) নিমেশ দাস দেশ রূপান্তরকে জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অলিম্পিয়া প্যালেসকে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি রেস্তোরাঁটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবনের নিচের একটি ক্যান্টিনে পেঁয়াজুর ভেতরে আলপিন পাওয়ার ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ আইনজীবীরা ওই রেস্তোরাঁয় তালা ঝুলিয়ে দেন। ওই ঘটনায় ক্যান্টিন মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।