আশুলিয়ায় চাঞ্চল্যকর ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষণকারী মো. জামশেদকে (২০) আটক করেছে র্যাব-১ এর একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার আশুলিয়া থানার ধনাইদ এলাকার ইউসুফ মার্কেট এর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক জামশেদ গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার বালাবাবুনিয়া গ্রামের মো. আব্দুল হান্নান খন্দকার (আইয়ুব নবী) এর ছেলে। বর্তমানে সে আশুলিয়া ধনাইদ ইউসুফ মার্কেট এলাকার ওয়াব এর ভাড়া বাসায় থাকতেন।
র্যাব জানায়, পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। র্যাব-১ এর একটি আভিযানিক দল ধর্ষণকারীসহ তার সহযোগীদের গ্রেপ্তারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
সেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়া থানাধীন ধনাইদ ইউসুফ মার্কেট এর সামনে থেকে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত আসামিকে থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও জানান র্যাব।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে জামশেদ ও রাবেয়া বেগমের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার দুপুরে এ ঘটনায় সহায়তাকারী প্রতিবেশী গৃহবধূ রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।