অ্যাপ ডাউনলোডে পুরস্কার দেবে ফেইসবুক

ব্যবহারকারীদের প্রতিটি পছন্দ-অপছন্দের খবর রাখে ফেইসবুক। তাই তো প্রতিনিয়তই কিছু না কিছু চমক দিয়ে ব্যবহারকারীদের আকৃষ্ট করে সংস্থাটি। কোনো বিষয়ে মানুষকে একঘেয়ে পরিস্থিতিতে না ফেলাই তাদের লক্ষ্য। তবে এমন কিছু বিষয় আছে যা এখনো ফেইসবুকের নাগালের বাইরে। এই যেমন কোনো ইউজারের ব্যক্তিগত তথ্য। তবে এবার সেসব জানার আগ্রহও প্রকাশ করেছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। কিন্তু আপনি যদি ফেইসবুককে সব তথ্যই দিয়ে দেন তবে আপনি কী পাবেন? না, খালি হাতে আপনাকে ফেরাবে না তারা। বদলে পুরস্কার পাবেন আপনি। ব্যাপারটা একটু খোলাসা করা যাক। গুগল প্লে-স্টোরে গেলে একটি অ্যাপ খুঁজে পাবেন। নাম স্টাডি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই ফেইসবুক আপনার স্মার্টফোন থেকে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারবে। উদ্দেশ্য আপনাকে আরও ভালো পরিষেবা দেওয়া। কিন্তু তথ্যের বদলে আপনি ফেইসবুক থেকে পুরস্কার হিসেবে অর্থ পাবেন নাকি অন্য কোনো পুরস্কার, তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি। তবে এই অ্যাপটি ব্যবহারের আগে ব্যবহারকারীদের সতর্ক করছে ফেইসবুক নিজেই। কারণ ব্যক্তিগত তথ্য ফাঁসের জন্য ইতিমধ্যেই কাঠগড়ায় উঠতে হয়েছে জাকারবার্গের সংস্থাকে। তাই স্টাডি অ্যাপ ব্যবহারের জন্য কিছু সতর্কতা জারি করা হয়েছে। প্রথমত অ্যাপটি প্রাপ্তবয়স্কদের জন্য। অর্থাৎ ১৮ বছর এবং তার ঊর্ধ্বে যাদের বয়স, তারাই এটি ব্যবহার করতে পারবেন।দ্বিতীয়ত, এই অ্যাপের মাধ্যমে ফেইসবুক আপনার থেকে কী কী তথ্য নিচ্ছে, তা বিস্তারিত জানিয়ে দেবে। ফেইসবুক ওয়েবসাইট অথবা প্লে-স্টোর থেকেই সব কিছু জেনে নিতে পারবেন ইউজাররা। তবে ব্যবহারকারীর ইউজার আইডি, পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি, ভিডিও অথবা মেসেজের মতো তথ্য ফেইসবুক কোনোভাবেই নেবে না। পাশাপাশি ইউজারের কোনো তথ্য থার্ড পার্টি অ্যাপের কাছে বিক্রিও করবে না তারা। ইউজার সংখ্যার কথা মাথায় রেখে ভারত ও আমেরিকাতেই এই অ্যাপটি প্রথমে চালু করেছে করছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। শিগগিরই আসতে পারে বাংলাদেশেও।