বর্তমানে আমাদের দেশে অসংখ্য এই শ্রেণির যুবক আছে যারা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী কিন্তু বেকার। সরকারি কিংবা বেসরকারি কোনো অফিস সংস্থায় তাদের জন্য চাকরির চেয়ার খালি নেই। আবার নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করার জন্য অধিকাংশের সামর্থ্য মূলধন ভূমি কিংবা সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা নেই। এর জন্য বর্তমান শিক্ষাব্যবস্থাও কম দায়ী নয়। এই মুহূর্তে আমাদের শিক্ষাব্যবস্থা হওয়া উচিত কর্মমুখী ও উৎপাদনমুখী। দেশের মোট জনসংখ্যার অধিকাংশ যুবক এবং এর অধিকাংশই আবার শিক্ষিত বেকার। মূল কথা হচ্ছে রাষ্ট্র এসব ডিগ্রিধারীদের প্রত্যেককে বিভিন্ন বিভাগ থেকে তাদের যোগ্যতার ভিত্তিতে সার্টিফাইড করেছে, কিন্তু তাদের যোগ্যতার ভিত্তিতে কেন সকলকে কর্মমুখী করে গড়ে তুলতে পারছে না! সুযোগ দিতে পারছে না, কেন সবার কর্মসংস্থান হচ্ছে না? এর জন্য দায়ী কে বা কারা? তাই অন্তত যদি এই শ্রেণির শিক্ষিত যুবকদের তাদের শিক্ষার প্রতি সম্মান দেখিয়ে হলেও ভাতা হিসেবে শিক্ষা সমাপনী সম্মানী প্রদান করা হয় আমার ধারণা, এতে করে তারা কখনো সুন্দর আগামীর স্বপ্ন দেখতে ভুলে যাবে না, বিপথগামী হবে না; তারা সম্ভাবনাময় আগামীর বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয়ী থাকবে বলে মনে করি। অপেক্ষায় থাকবে দেশ গড়ার কাজে, জীবন গড়ার কাজে তাদের মেধা আর শ্রম দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে। আমি এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।
মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর, দিনাজপুর।