রাজধানীর কারওয়ানবাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের রেষারেষিতে প্রথমে হাত এবং পরে প্রাণ হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজীবের মৃত্যুর ঘটনায় দায়ী রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসি দেবে ২৫ লাখ। আর স্বজন পরিবহন দেবে ২৫ লাখ টাকা। আগামী দুই মাসের মধ্যে রাজীবের দুই ভাই মেহেদী হাসান হৃদয় ও আবদুল্লাহ বাপ্পী উভয়কে ২৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রাজীবের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল এ রায় দেয় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যাত্রীর নিরাপত্তা নিশ্চিতে গতকাল বেশকিছু নির্দেশনা এসেছে হাইকোর্টের রায়ে। এর মধ্যে আগামী ছয় মাসের মধ্যে সড়ক পরিবহন আইন কার্যকর করা, চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে তারা মাদকাসক্ত কি না তা পরীক্ষার (ডোপ টেস্ট) পাশাপাশি তাদের দৃষ্টিশক্তির পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা না করা, যেখানে সেখানে হর্ন বাজানো থেকে চালকদের বিরত রাখা, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংরক্ষিত এলাকায় অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়া অন্য কোনো যানের হর্ন না বাজানোর নির্দেশনা রয়েছে রায়ে। রাজধানীর সড়কগুলোতে চলাচলকারী গণপরিবহনকে একটি কোম্পানির আওতায় এনে বিভিন্ন রঙে রাঙিয়ে ভিন্ন ভিন্ন সড়কে পরিচালনার নির্দেশ রয়েছে হাইকোর্টের রায়ে।
২০১৮ সালের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুটি বাসের রেষারেষিতে রাজীবের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে পান্থপথের বেসরকারি শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৪ এপ্রিল রাজীবের চিকিৎসা ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর ১৬ এপ্রিল মৃত্যুর কাছে হার মানেন রাজীব।
রিটের শুনানি নিয়ে ওই বছর ৮ মে হাইকোর্ট এক আদেশে রাজীবের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি ও স্বজন পরিবহনকে নির্দেশের পাশাপাশি রুল জারি করে। এছাড়া সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর করতে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে আইন সংশোধন বা নতুন করে বিধিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় রুলে।
আপিল বিভাগ গত বছর ২২ মে হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই ঘটনার দায় নিরূপণ করতে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দেয় হাইকোর্টকে। এরই ধারাবাহিকতায় বুয়েটের অ্যাকসিডেন্ট রিচার্স ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেয় আদালত। কমিটি রাজীবের মৃত্যুর ঘটনায় বিআরটিসি ও স্বজনকে দায়ী করে আদালতে প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বলা হয়, বিআরটিসি ও স্বজন পরিবহনের উভয় চালকের ভারী যান চালানোর লাইলেন্স ছিল না। এছাড়া প্রতিবেদনে রাজীবের মৃত্যুর ঘটনায় পান্থপথের বেসরকারি শমরিতা হাসপাতালের অবহেলা ছিল বলে উল্লেখ করা হয়।