আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আনিসুল হক বলেছেন, এতিমের টাকা চুরি করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিচারিক আদালত ও আপিল আদালত সাজা দিয়েছে। বিচারিক আদালত সাজা দিয়েছিল ৫ বছর। আপিল আদালত সেই সাজা বাড়িয়ে ১০ বছর করেছে।
গতকাল বৃহস্পতিবার ভোলার চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, এখন আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের গতি কোথায় গিয়ে দাঁড়ায় দেখেন।
মন্ত্রী এর আগে চরফ্যাশন বজ্রগোপাল টাউন হলে জেলা ও দায়রা জজ আদালত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদ।