নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘বিশ্ব শরণার্থী দিবসটি বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের নানা ধরনের দুর্যোগ যেমন : ক্ষুধা, আবাস, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ইত্যাদি মোকাবিলায় অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। নিজ মাতৃভূমি থেকে উচ্ছেদ হওয়া এই রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশি জনগণ ঝাঁপিয়ে পড়েছে। বিএনপি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাসহ বিশ্বের সব শরণার্থীর সংকট মোকাবিলায় এগিয়ে যেতে অঙ্গীকারাবদ্ধ।’
বিশ্বের সব শরণার্থীর মানুষ হিসেবে বেঁচে থাকার লড়াইয়ের প্রতি আন্তরিক সংহতি জ্ঞাপন করে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সময়ে বিশ্বব্যাপী শরণার্থীর সংখ্যা ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে, যা খুবই আতঙ্কজনক। দেশে দেশে জাতিগত দাঙ্গা, ধর্মীয় সম্প্রদায়ের সংঘাত, হিংসা-বিদ্বেষ ও সহিংসতায় আক্রান্ত হয়ে ক্ষুধা-দারিদ্র্যের জ্বালায় নিজ দেশ থেকে উচ্ছেদ হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষ ভিন্ন দেশে শরণার্থী হচ্ছে।’
তিনি বলেন, ‘কিন্তু দুঃখজনক হচ্ছে শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা ও বেকারত্বের তাড়নায় অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন নতুন সংকটের সৃষ্টি করছে। সুতরাং শরণার্থীরা নিজ দেশ থেকে বিচ্যুত হলেও আশ্রয় ও নিরাপত্তার চ্যালেঞ্জগুলো বিদ্যমান থেকেই যাচ্ছে। শরণার্থীদের মানুষ হিসেবে টিকে থাকা ও তাদেরকে মানবতার চোখে দেখার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরই বর্তায়।’