শিবগঞ্জ সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ মানারুল ইসলাম (২৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। মানারুল উপজেলার তারাপুর গ্রামের নুহ মুন্নার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে মানারুলসহ ১০ থেকে ১৫ জন শিংনগর সীমান্তের হারুনের বাগান দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের সোনাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মারা যান মানারুল। পরে তার সহযোগীরা লাশ নিয়ে আসেন।

এবিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার জানান, সীমান্তে একজনের লাশ পাওয়া গেছে। তবে সে কীভাবে মারা গেছেন তা খোঁজ নেওয়া হচ্ছে।

শিবগঞ্জ থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।