স্মরণসভায় তথ্যমন্ত্রী

বিএনপির মিথ্যাচার শুনলে জিয়াও লজ্জা পেতেন

বিএনপির রাজনীতি মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছে। জিয়াউর রহমান যদি বিএনপির এমন মিথ্যাচার শুনতেন, তাহলে তিনিও লজ্জা পেতেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠকারী এম এ হান্নানের স্মরণে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর হঠাৎ একদিন শুনতে পেলাম তিনি নাকি স্বাধীনতার ঘোষক। বিএনপির রাজনীতিই মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত। বিএনপির জন্মও অবৈধ। প্রথমে সংসদে শপথ না নেওয়ার কথা বললেও এখন মহিলা সংসদ সদস্যের ভাগটাও তারা ছাড়েনি।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে শপথ নিয়েছে। তারপর সংসদে দাঁড়িয়ে নিজে মহিলা এমপি হয়ে সংসদকে অবৈধ বলেন, নিজে অবৈধ এটা সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছেন। তাদের বিএনপি দলটাই তো অবৈধ। কারণ ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে জিয়াউর রহমান যে কর্মকাণ্ড করেছেন সবকিছুই অবৈধ।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সরকার কখনো আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। খালেদা জিয়ার মামলায় সরকার যদি হস্তক্ষেপ করত তাহলে তিনি যে মামলাগুলোতে জামিন পেয়েছেন, সেই মামলাগুলোতে জামিন পেতেন না। দেশের আইন ও আদালত সঠিকভাবে কাজ করছে।

আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এম এ হান্নানের ছেলে সৈয়দ মাহফুজুল হক প্রমুখ।