মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে কথিত দু’দল মাদক ব্যবসায়ীর গোলাগুলির ঘটনায় এনামুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া এলাকায় কথিত গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত এনামুল গাংনী কাজীপুর বর্ডারপাড়া এলাকার মৃত দাউদ হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া এলাকাতে দু’দল দুষ্কৃতকারীর মধ্যে গোলাগুলি চলছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাগুলি থেমে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ, একটি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা পাওয়া যায়।
ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে তাৎক্ষণিকভাবে লাশ শনাক্ত করা হয়। নিহত ওই ব্যক্তি এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
গাংনী থানা পুলিশ জানান, নিহত এনামুলের বিরুদ্ধে গাংনী থানায় একটি বিস্ফোরক, একটি চাঁদাবাজি ও মাদকের ৪টিসহ মোট ৬টি মামলা রয়েছে।