অস্ট্রেলিয়ার বিপক্ষে সব মিলিয়ে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। বোলিংয়ে আরও একটু কম রান দিলে ভালো হতো। ব্যাটিংয়ে ৪৪ ওভার পর্যন্ত সমান সমান ছিলাম। ওরা যা রান করেছিল, আমরাও প্রায় সেই গতিতেই রান তুলছিলাম। কিন্তু শেষ ছয় ওভারে আমরা ওদের মতো রান করতে পারিনি। আমি আগের দিনও
বলেছি, তাদের সঙ্গে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। পুরো ১০০ ওভার ভালো ক্রিকেট খেলতে না পারলে ম্যাচের ফল তাদের দিকে যাবে। শেষ পাঁচ-ছয় ওভারে অস্ট্রেলিয়া ম্যাচটা আমাদের হাত থেকে নিয়ে নিয়েছে। যখন অস্ট্রেলিয়া ব্যাট করেছে সেই সময়টায় ঘটেছে এটা। আগের যে চারটি ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছিল, প্রতিপক্ষরা ভেবেছিল তাদেরও জয়ের সম্ভাবনা আছে সমান সমান। কিন্তু শেষ পাঁচ-ছয় ওভারে দুর্দান্ত বোলিং ও ব্যাটিং করে অস্ট্রেলিয়া ম্যাচ বের করে নিয়ে গেছে। কালকের ম্যাচেও শেষ পাঁচ ওভারে চমৎকার ব্যাটিং করে আমাদের কাছ থেকে ম্যাচ দূরে নিয়ে গেছে। আমরা ভালো ব্যাটিং করেছি, ৩৩৩ রান করেছি। কিন্তু আমার কাছে খারাপ লেগেছে যে আমাদের কোনো ব্যাটসম্যানের স্ট্রাইটরেট ১৫০-১৭০ ছিল না। যেমটা ম্যাক্সওয়েল করেছে। শুরুতে বা শেষের দিকে এরকম স্ট্রাইকরেটে যদি একটা ক্যামিও হতো তাহলে আরও একটু ভালো লাগত। মাহমুদউল্লাহ চমৎকার ব্যাটিং করেছে। মুশফিক সেঞ্চুরি করেছে। সাকিব, তামিম ভালো শুরু দিয়েছে। ওদের একজন যদি ১৭০-১৮০ স্ট্রাইকরেটে ৬০-৭০ রানের একটা ইনিংস খেলত তবে হয়তো অন্যরকম কিছু হতে পারত। এ মাঠে সবারই জানা যে হাইস্কোরিং ম্যাচই হবে। ৩০০-৩৫০ এখানে হবেই। কারণ উইকেট খুব ব্যাটিংসহায়ক এবং আউটফিল্ডও ফাস্ট। সুতরাং এখানে রানের উৎসব হবে এটা অনুমেয়ই ছিল।
এখন অবশ্য আমাদের জন্য সেমিফাইনালটা কঠিন হয়ে গেল। আমরা যদি শেষ তিনটি ম্যাচ জিতেও যাই, তাতেও সেমিটা নিশ্চিত নয়। সে ক্ষেত্রে টেবিলের শীর্ষে থাকা অন্য দলগুলোর পয়েন্ট খোয়াতে হবে। এবং রানরেটটাও আমাদের ভালো হতে হবে। পয়েন্ট টেবিলটা এমনভাবে আছে আপনি দেখবেন অস্ট্রেলিয়া এর মধ্যেই ছয় ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে গেছে।
তিনটি ম্যাচ জিতলে ১১ হবে বাংলাদেশের। অস্ট্রেলিয়া তাদের পরের তিন ম্যাচের একটিতে জিতলেই হয়ে যাবে ১২। এখনো মনে হয় ১১ পয়েন্ট নিয়ে হয়তো একটি দল সেমিফাইনালে যাবে। কিন্তু সেটা যদি নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ড হয়, তবে তারা হেড টু হেডে আমাদের চেয়ে এগিয়ে যাবে। তাই সেমিফাইনালে কথা চিন্তা না করে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে এগিয়ে যাওয়া উচিত হবে। পরবর্তী ম্যাচে আফগানিস্তানকে প্রাধান্য বিস্তার করে হারানোর কথা ভাবতে হবে। এরপর ভারতের বিপক্ষে ম্যাচ। তাদের সঙ্গে সর্বশেষ চার-পাঁচ বছর ধরেই আমরা ভালো ক্রিকেট খেলছি। কিন্তু জিততে পারছি না। আশা করছি এবার তাদের আমরা হারাব। এবার আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছি, বিশেষ করে দুর্দান্ত ব্যাটিং করছি। সীমিত সামর্থ্য নিয়ে বোলাররাও যে খুব খারাপ করছে তাও নয়। আমাদের অত স্পিডি বোলার নেই। আমাদের সীমিত সামর্থ্যরে মধ্যে তাদের সেরাটাই দিচ্ছি। সেমির কথা মাথায় না এনে আমাদের উচিত হবে নিজেদের দায়িত্বটা শেষ করে রাখা। বাকি তিনটি ম্যাচ জিতলেও আমি মনে করি সেটা হবে আমাদের জন্য বড় সাফল্য।