নারীকে ধাক্কা

ব্রিটিশ মন্ত্রী বরখাস্ত

পরিবেশবিষয়ক আন্দোলন সমন্বয়কারী সংস্থা গ্রিন পিসের এক নারী কর্মীকে হেনস্তার ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্র কার্যালয়বিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ডকে বরখাস্ত করা হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, লন্ডনে ‘ব্ল্যাক টাই সিটি ডিনার’ নামে এক নৈশভোজের অনুষ্ঠানে ওই কর্মীকে শারীরিকভাবে হেনস্তা করেন ফিল্ড। মার্ক ফিল্ড বলছেন, তিনি জ্যানেট বার্কার নামে ওই নারী কর্মীর সঙ্গে বিবাদে জড়ানোর জন্য অনুতপ্ত। চ্যান্সেলর যখন বক্তব্য দিচ্ছিলেন তখন বিক্ষোভকারীরা তাতে বিঘœ সৃষ্টি করায় তিনি এমনটা করেছেন।

ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর দেশটির বিরোধী দল লেবার পার্টির বেশকিছু রাজনীতিবিদ মন্ত্রী মার্ক ফিল্ডকে বরখাস্ত করার আহ্বান জানান। তারই পরিপ্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী টেরিজা মে’র কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী ওই ঘটনার ভিডিও দেখেছেন। তিনি এই ঘটনাকে উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছেন। ঘটনার ভিডিও দেখে তদন্তের কাজ করছে পুলিশ। তদন্তকালীন তাকে (মার্ক ফিল্ড) মন্ত্রিসভা এবং দল (কনজারভেটিভ পার্টি) থেকে বহিষ্কার করা হয়েছে।’

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায়। সেদিনের ওই অনুষ্ঠানে যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে বার্ষিক ম্যানশন হাউজ বক্তব্য দিচ্ছিলেন চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড। ঠিক ওই সময়ে জলবায়ু পরিবর্তনবিষয়ক সংগঠন গ্রিন পিসের বিক্ষোভকারীরা তাতে ‘বিঘ্ন’ সৃষ্টি করলে এমন ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, টেবিলের কোনায় অন্যদের সঙ্গে বসেছিলেন মন্ত্রী মার্ক ফিল্ড। এমন সময় তার পাশ দিয়ে যাচ্ছিলেন জ্যানেট বার্কার নামে ওই নারী কর্মী। আচমকা চেয়ার ছেড়ে জ্যানেট বার্কারের গলা চেপে ধরে ধাক্কা দিতে দিতে ফিরে যেতে বাধ্য করেন মন্ত্রী।