নারায়ণগঞ্জ শহরের মিনাবাজার এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি দোকান পুড়ে ভস্ম হয়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার দিনগত রাত পৌনে দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিনাবাজারে সুতার গুদাম, কুনিং কারখানা, চায়ের দোকান, কাপড়ের দোকান ও ছবি বাঁধাইয়ের দোকানসহ এক সারিতে থাকা ৮টি দোকান ছিল। এর মধ্যে কুনিং কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ধোয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনীর কর্মীদের এক ঘণ্টার চেষ্টার পর রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে আটটি দোকান ও ভেতরের মালামাল পুড়ে ভস্ম হয়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দেশ রূপান্তরকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। আগুনে কেউ হতাহত হয়নি।