প্রতিবন্ধী শিশু ধর্ষণ, অভিযুক্ত আটক

ফেনীর পরশুরামে ১১ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. বেলাল হোসেন (২২) নামে এক যুবককে প্রতিবেশীরা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

শনিবার দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের গদানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই শিশুর মা সকালে গরু নিয়ে বাড়ির পাশে মাঠে গেলে বেলাল হোসেন ঘরে ঢুকে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে বেলাল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে স্থানীয়রা আটক করে পরশুরাম থানা-পুলিশের নিকট সোপর্দ করেন।

বেলাল হোসেন পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ওই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ প্রতিবন্ধী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন ধর্ষণের অভিযোগে একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।