ভাগ্নেসহ নিখোঁজ প্রবাসী ১০ দিনেও উদ্ধার হয়নি

ফেনীর দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) ও তার ভাগ্নে মোহাম্মদ হুজাইফা তাহমিদ (১৬) ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও তাদের হদিস মেলেনি। এ ঘটনায় ফেনীর দাগনভূঞা ও ঢাকার খিলগাঁও থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ ও নিখোঁজের পারিবার সূত্র জানায়, আতিক উল্যাহ ১৫ বছর ধরে আবুধাবিতে ব্যবসা করেন এবং পরিবার নিয়ে থাকেন। গত রমজানের কয়েক দিন আগে গ্রামের বাড়িতে আসেন এবং বোনের পরিবারের সঙ্গে উপজেলার উত্তর চ-ীপুর ছিলেন। তার ভাগ্নে হুজাইফা তাহমিদ ওই গ্রামের হাফেজ আবুল বাশারের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

১৩ জুন দুপুরে মোহাম্মদ আতিক উল্যাহ আবুধাবি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সঙ্গে ভাগ্নে হুজাইফা তাহমিদকে নেন। ঢাকায় একদিন অবস্থান করার কথা ছিল তাদের। বাড়ি থেকে বের হয়ে তারা ফেনীতে স্টার লাইন পরিবহনের বাসে ওঠেন। এরপর থেকে মামা-ভাগ্নে নিখোঁজ রয়েছেন। তাদের দুজনের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

খোঁজাখুঁজির পর প্রবাসীর ভগ্নিপতি ও ভাগ্নে মোহাম্মদ হুজাইফা তাহমিদের বাবা মোহাম্মদ হাফেজ আবুল বাশার ১৫ জুন দাগনভূঞা থানায় (জিডি নম্বর ৫২৫) এবং অপর এক আত্মীয় হাফেজ মো. মুনছুর আলম ১৭ জুন ঢাকার খিলগাঁও থানায় (জিডি নম্বর ৯১৩) পৃথক জিডি করেন। দাগনভূঞা থানার ওসি ছালেহ আহম্মদ বলেন, দাগনভূঞার প্রবাসী আতিক উল্যাহ ও তার ভাগ্নে হুজাইফা তাহমিদের নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। পুলিশের বেতারের মাধ্যমে সব থানায় খবর পাঠানো হয়েছে।