২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে সততা ও দক্ষতার সঙ্গে কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, সরকারের লক্ষ্য অর্জন করতে হলে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। গতানুগতিক কাজের বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ ও সংস্থার প্রধানদের সঙ্গে ২০১৯-২০ মেয়াদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষে বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম চুক্তি স্বাক্ষর করেন। সংস্থাগুলোর পক্ষে সংস্থার প্রধানরা স্বাক্ষর করেন।
মন্ত্রণালয়ের সঙ্গে যেসব প্রতিষ্ঠান চুক্তি সই করেছে, তার মধ্যে রয়েছেÑ বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ চা বোর্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরো, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কার্যালয়, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট।
অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীরসহ বাণিজ্য মন্ত্রণালয় ও সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।