ভুবনেশ্বর কুমার চোটে। তাই এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার একাদশে সুযোগ মিলল মোহাম্মদ শামির। কে ভেবেছিল, দু হাত ভরে এই সুযোগটা কাজে লাগাবেন ২৮ বছর বয়সী ডানহাতি পেসার।
শনিবার নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই করলেন হ্যাটট্রিক। তাও এবারের আসরে প্রথম বোলার হিসেবে। দলকে এনে দিলেন রুদ্ধশ্বাস এক জয়।
সাউদাম্পটনে এদিন আফগানিস্তানকে ১১ রানে হারায় ভারত। উত্তেজনার ম্যাচে শেষ ৬ বলে ৩ উইকেট হাতে নিয়ে ১৬ রানে দরকার পড়ে আফগানদের। এমন সমীকরণে শামি প্রথম বলে বাউন্ডারি দিলেও এক বল বিরতি দিয়ে তুলে নিলেন হ্যাটট্রিক। দ্বিতীয় ভারতীয় হিসেবে এই রেকর্ডে নাম ওঠে তার।
শামির শেষ ওভারের প্রথম বলে ৪ হাঁকিয়ে আফগানদের জয়ের আশা জাগান নবী। পূরণ করেন নিজের ফিফটিও। কিন্তু পরের বলে ডিপ মিড উইকেটে বল পাঠিয়েও রান নিলেন না। নিজেই স্ট্রাইকে থাকার সুযোগ নিলেন।
শামি তৃতীয় বলটা করেন ইয়র্কার। তুলে মারতে গিয়ে ক্যাচ হলেন নবী। পরের দুই বলে আফতাব আলম ও মুজিব উর রহমানকে ফিরিয়ে আফগান ইনিংস গুটিয়ে দেন শামি। একই সঙ্গে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে পূরণ করেন হ্যাটট্রিক।
বিশ্বকাপে দর্শকেরা প্রথম হ্যাটট্রিক দেখে ১৯৮৭ সালের আসরে। ভারতের চেতন শর্মা হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন। এর পর সাকলাইন মুশতাক, চামিন্দা ভাস, ব্রেট লি, লাসিথ মালিঙ্গা (২০০৭ ও ২০১১), কেমার রোচ, স্টিভেন ফিন ও জেপি দুমিনি এই কীর্তি গড়েছেন। এবার সেই তালিকায় যোগ হলো শামির নাম।