জেলার রামগতিতে টাকা চুরির অপবাদ দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক খেলনা দোকানদারের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় স্কুলছাত্র নিজাম উদ্দিনকে গত শুক্রবার সন্ধ্যায় রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নিজাম চরসেকান্তর সফিক অ্যাকাডেমির অষ্টম শ্রেণির ছাত্র এবং রামগতি পৌরসভার চর হাসান-হোসেন এলাকার আশরাফ আলীর ছেলে। রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুজনা বেগম স্কুলছাত্রের অবস্থা গুরুতর বলে নিশ্চিত করেছেন।
আহত নিজামের বাবা আশরাফ আলী বলেন, রামগতি পৌরসভার হাসান-হোসেন এলাকার খায়ের মাঝির খেলনা দোকান থেকে গত বুধবার বিকেলে কে বা কারা ১৫০ টাকা চুরি করে নিয়ে যায়। ওই টাকা চুরির অপবাদ দিয়ে স্থানীয় নুড়িয়া হাজিরহাট বাজার থেকে ওইদিন রাত ৯টার দিকে খায়ের মাঝি, তার ছেলে মনির হোসেন ও আবদুল করিম নিজামকে ধরে নিয়ে যায়। পরে নিজেদের ঘরের ভেতর আটকে রেখে হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে মারধর করে। বেদম মারধরের ফলে নিজামের একটি হাত ও পা ভেঙে যায়।
তিনি বলেন, পরে এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহত নিজামকে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন পরিবারের সদস্যরা। অবস্থা অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আশরাফ আলীর দাবি, মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে খায়ের মাঝি ও তার দুই ছেলে নিজামকে বেদম পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তিনি।
এদিকে অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। গতকাল শনিবার সকালে খায়ের মাঝির খেলনা দোকানটি বন্ধ পাওয়া যায়।
রামগতি থানার ওসি এ টি এম আরিচুল হক জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।