দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির মুলতবি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চার সপ্তাহের মধ্যে বিভাগীয় পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে। কী ধরনের কর্মসূচি পালন করা হবে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, মিছিল-সমাবেশসহ জাতীয় কর্মসূচি পালন করা হবে।
বয়সসীমা প্রত্যাহার করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাদের আন্দোলনকে অযৌক্তিক মন্তব্য করে তিনি বলেন, তাদের উচিত হবে অযৌক্তিক দাবির আন্দোলন বাদ দিয়ে শান্তিপূর্ণ অবস্থানে চলে আসা। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ওপর বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের ‘হামলার ঘটনায়’ নিন্দাও প্রকাশ করেন তিনি।
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্পের আসবাবসহ অন্যান্য আনুষঙ্গিক কাজে ‘অস্বাভাবিক’ ব্যয়ের অভিযোগ ওঠার পর প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়। সেখানে একটি বালিশের পেছনে ৬ হাজার ৭১৭ টাকা ব্যয় দেখানোর খবর গণমাধ্যমে আসায় এটা ‘বালিশ দুর্নীতি’ হিসেবে পরিচয় পেয়েছে। সম্প্রতি সংসদে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওই ঘটনায় যিনি দায়িত্বে ছিলেন, তার কিছু পরিচয় আমরা পেয়েছি। এক সময় তিনি বুয়েটে ছাত্রদলের নির্বাচিত ভিপিও নাকি ছিলেন। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য সর্বৈব মিথ্যা। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। মাসুদ বুয়েটের ছাত্র ছিলেন না, কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। ছাত্রজীবনের সম্ভবত তিনি একটি বাম সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সঙ্গে জড়িত। পার্লামেন্টে প্রধানমন্ত্রীর এমন মিথ্যাচার নিন্দনীয়। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের নাতি নিখোঁজ হওয়ার পর সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ স্টেটমেন্ট দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তাকে ফিরে পাওয়ার খবর নিঃসন্দেহে তার পরিবারের জন্য স্বস্তিদায়ক। কিন্তু এম ইলিয়াস আলীসহ বিএনপির ৫ শতাধিক নেতাকর্র্মী নিখোঁজ রয়েছেন, তাদের এখনো ফিরিয়ে দেওয়া হয়নি।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সভা নিয়মিত চলবে এবং আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির সভা আবারও বসবে।
বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ^র চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।