ছয় মাসের জন্য স্বল্পমেয়াদি কমিটি অথবা নিয়মিত ছাত্রদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠনের দাবি জানিয়েছেন সংগঠনটির বিক্ষুব্ধ নেতারা। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তারা। এদিকে ছাত্রদলের কমিটি গঠনে বয়সসীমা তুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত ১২ নেতাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন। লিখিত বক্তব্যে ভেঙে দেওয়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির বলেন, ‘দেশের কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটি নিয়মিত ছাত্রদের দিয়ে গঠিত হয় না। এর মধ্যে ছাত্রদলের নেতৃত্বের বয়স অপরাপর ছাত্র সংগঠনের তুলনায় একটু বেশি। এদিকে দুই বছর মেয়াদি কমিটি পাঁচ বছর পেরিয়ে গেছে। তাই আমরা ছয় মাসের জন্য একটি ধারাবাহিক কমিটির আবেদন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে করেছিলাম। এতে দল তার কর্মীদের বর্তমান ও ভবিষ্যতে সঠিকভাবে মূল্যায়ন করার পাশাপাশি দেশব্যাপী বেশকিছু অসমাপ্ত সাংগঠনিক কাজ সম্পন্ন করার সুযোগ পাবে।’
সংবাদ সম্মেলনে ভেঙে দেওয়া কমিটির সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, ‘আমাদের দাবি ছয় মাসের জন্য একটি স্বল্পকালীন কমিটি গঠন করা হোক। অথবা নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হোক। ২০০০ সালের এসএসসির বাধ্যবাধকতা তুলে দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই বয়স নির্ধারণের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এর পেছনে একটি সিন্ডিকেট দায়ী। সিন্ডিকেট নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রভাবিত করেছে। বিষয়টি সারা দেশের ছাত্রদলের লাখ লাখ নেতাকর্মী মেনে নিতে পারছেন না।’
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, ‘দাবি পূরণ না হলে আগামীকাল সোমবার থেকে আবার আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের সদ্যবিলুপ্ত কমিটির সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, মামুন বিল্লাহ, জয়দেব জয়, কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ আরেফিন, মফিজুর রহমান আশিক, আবুল হাসান প্রমুখ।
ছাত্রদলের ১২ নেতা বহিষ্কার
ছাত্রদলের কমিটি গঠনে বয়সসীমা তুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত ১২ নেতাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
তারা হলেনÑ ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহিরউদ্দিন তুহিন, ছাত্রদলের ভেঙে দেওয়া কমিটির সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, ইকতিয়ার কবির, জয়দেব জয়, মামুন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, আবদুল মালেক এবং সদস্য আজীম পাটোয়ারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের এই নেতাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।