বিএনপির আন্দোলনের সক্ষমতা দেখতে চায় আ.লীগ : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের সক্ষমতা প্রমাণ করুক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করা হবেÑ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে গতকাল শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল বলেন, ‘আমরা আবারও বলছি, আন্দোলন করে তারা খালেদা জিয়াকে মুক্ত করুক। তারা আন্দোলনের কথা তো বারবারই বলে বেড়াচ্ছে। এখনো পুরনো কথার পুনরাবৃত্তি শুনতে পাচ্ছি। তাদের যদি সেই সক্ষমতা থাকে, সাহস থাকে, আন্দোলন করে দেখাক। ১০ বছরে তো ১০ মিনিটের একটা আন্দোলন দেখলাম না।’ 

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যাবে বিএনপিÑ মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, ‘তাদের গণতন্ত্র স্ববিরোধিতায় পরিপূর্ণ। আন্দোলন কী করবে? মির্জা ফখরুল নিজেই নির্বাচনে জয়ী হয়ে সংসদে যোগ দিলেন না, অথচ সেই আসনে পুনর্নির্বাচনে প্রার্থী দিলেন। এটা কোন গণতন্ত্র। এটা কি গণতন্ত্র? তাদের পাঁচজন সংসদে যোগ দিলেন, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হলেন, শপথ নিলেন। কিন্তু দলের মহাসচিব সংসদে যোগ দিলেন না। এই দ্বৈত নীতি তাদের দলে। এটা কী ধরনের গণতন্ত্র? এই গণতন্ত্র হাস্যকর।’

বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির যেভাবে জন্ম, বিএনপির যেভাবে বিকাশ, বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়ে প্রমাণ করেছে, তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। তারা এই ৭ ধারা থেকে সরে যাবে এমন আশা করা দুঃস্বপ্নের নামান্তর।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।