বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ই. মিলার।
এসময় তিনি সোমবার অনুষ্ঠিতব্য বগুড়া-৬ আসনের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চান বলে জানান।
পূর্বনির্ধারিত অনুষ্ঠানে রংপুর যাওয়ার পথে রবিবার দুপুরে বগুড়ায় যাত্রাবিরতি করেন মিলার। দুপুর পৌনে ২টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান রবার্ট মিলার।
এ সময় তিনি জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রায় আধা ঘণ্টা পর আবারও রংপুরের দিকে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত।
এর আগে গণমাধ্যম কর্মীদের মিলার জানান, বগুড়া হয়ে রংপুর যাওয়ার পথে বগুড়া জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন তিনি। মূলত রংপুরে আয়োজিত দু’দেশের বিমানবাহিনীর যৌথ একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি রবিবার সকালে ঢাকা থেকে রওনা দিয়েছেন।
সোমবার বগুড়ায় অনুষ্ঠেয় জাতীয় সংসদের উপনির্বাচন প্রসঙ্গে মিলার বলেন, আমি যদিও এই নির্বাচনকে কেন্দ্র করে আসিনি। তবে যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত বছর রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে নিযুক্তির পর উত্তরাঞ্চলে এটিই রবার্ট মিলারের প্রথম সফর।