বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য কাউন্সিলের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের শীর্ষ এই দুই নেতা নির্বাচনে সরাসরি ভোট দেবেন কাউন্সিলররা। গতকাল রবিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
এর আগে ছাত্রদলের ১০-১২টি কমিটি কাউন্সিলরদের ভোট ছাড়াই করা হয়েছে। তফসিল অনুযায়ী, কাউন্সিলরদের প্রাথমিক
ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ জুন। এ তালিকার বিষয়ে কোনো আপত্তি থাকলে তা ২৫ জুন গ্রহণ করা হবে। এরপর ২৬ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ ২৭ ও ২৮ জুন, মনোনয়নপত্র গ্রহণ ২৯ ও ৩০ জুন, প্রার্থিতা যাচাই-বাছাই ১, ২ ও ৩ জুলাই, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ৪ জুলাই, প্রার্থীদের সম্পর্কে আপত্তি গ্রহণ ৫ জুলাই, আপত্তি নিষ্পত্তি ৬ জুলাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশ ৭ জুলাই।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নবউদ্যমে ছাত্রদলকে এগিয়ে নিতে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ জুলাই সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন, বাছাই ও আপিল কমিটি গঠন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউন্সিলে বিবাহিতরা প্রার্থী হতে পারবেন না। কারণ তারা তো ছাত্রের মধ্যেই পড়েন না। কাউন্সিলে প্রার্থীদের এসএসসি পরীক্ষা ২০০০ সালে এবং রেজিস্ট্রেশন হতে হবে ১৯৯৮ সালের। ছাত্রদলের সাবেক এই সভাপতি দেশ রূপান্তরকে বলেন, জেলা কমিটিগুলোর সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা কাউন্সিলর হবেন এবং তাদের ভোটেই কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে আরও ছিলেন ড. আসাদুজ্জামান রিপন, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, আমিরুল ইসলাম খান আলিম, শফিউল বারী বাবু, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ, রাজীব আহসান, আকরামুল হাসান প্রমুখ।