জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়ে ব্যানার টানিয়েছেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান। গতকাল সকালে উপজেলার তুলাতলি বাজার এলাকায় টানানো শোকের এ ব্যানার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা ছড়িয়ে
পড়লে সমালোচনার ঝড় ওঠে।
জামায়াত নেতা মুমিনুল বার্ধক্যের কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে মারা যান। তিনি চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) থেকে নির্বাচিত বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর শ্বশুর। মুমিনুল হকের মেয়ে (নদভীর স্ত্রী) রিজিয়া রেজা চৌধুরী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য।
ব্যানারের ব্যাপারে দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এম এম বোরহান উদ্দিন বলেন, ‘সাতকানিয়ায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। মান্নান ওই কমিটির সভাপতি ছিলেন। এখন তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। ছাত্রলীগের নাম ব্যবহার করে যারা এ ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
ছাত্রলীগ নেতা মান্নান জানান, তিনি জানাজায় উপস্থিত ছিলেন। তবে তার নামে কারা ব্যানার টানিয়েছেন তা তিনি জানেন না। এই বলে তিনি ফোন কেটে দেন।