সুতা ব্যবসায়ীদের জাতীয় সংগঠন ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাবেক সভাপতি লিটন সাহার নেতৃত্বাধীন প্যানেল ১১টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে বর্তমান সভাপতি এম সোলায়মানের নেতৃত্বাধীন প্যানেল সাতটি পদে জয়লাভ করেছে।
নির্বাচনে ১৮ পদে বিপরীতে জেনারেল গ্রুপ থেকে ১২ পদের মধ্যে লিটন সাহার নেতৃত্বাধীন প্যানেল ১১ পদে জয় পায়। আর এম সোলায়মানের নেতৃত্বাধীন প্যানেল জেনারেল গ্রুপ থেকে একটি এবং অ্যাসোসিয়েটস গ্রুপের ছয়টি পদের সবগুলোতে জয় পায়।
গত শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে জেনারেল গ্রুপে ৭২৪ জন ভোটারের ৬১৮ জন এবং অ্যাসোসিয়েটস গ্রুপে ১৮০ জনের মধ্যে ১৭০ জন ভোট দেন। লিটন সাহা প্যানেল থেকে নির্বাচিতরা হলেন লিটন সাহা (৪৭২ ভোট), সেলিম রেজা, মজিবুর রহমান, মোজাম্মেল হক, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জিত রায়, জয় কুমার সাহা, আমিন উদ্দিন, তাজুল ইসলাম টুটুল, সিরাজুল হক হাওলাদার, অশোক মহেশ্বরী ও আবদুল মান্নান মিয়া।
এম সোলায়মান প্যানেল থেকে জেনারেল গ্রুপে একমাত্র বিজয়ী হলেন আবদুল মান্নান মিয়া। এই প্যানেল থেকে অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিত ছয়জন হলেন মাহফুজুর রহমান খান, কামরুল হাসান, ফয়সাল আহমেদ, মকবুল হোসেন, খায়রুল কবীর এবং অসিত কুমার সাহা।
এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানসহ শীর্ষ ব্যবসায়ী নেতারা এম সোলায়মান প্যানেলকে প্রকাশ্যে সমর্থন দিলেও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান লিটন সাহা প্যানেলকে সমর্থন দেন।