ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ আটক উপ-পরিদর্শককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান মনির বলেন, “রোববার রাতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের ইন্সপেক্টর রুপ কুমার সরকার বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।”
মামলায় ঠাকুরগাঁও আদালতে কর্মরত পুলিশের এসআই হেলাল উদ্দীন প্রমাণিক (৪৫) নওগাঁ জেলার প্রয়াত জগা প্রমাণিকের ছেলে, মানিক দাস (২৫) ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার প্রয়াত বাদল দাসের ছেলে মাসুদ রানাকে আসামি করা হয়।
পুলিশ সুপার মনিরুজ্জামান মনির বলেন, “রোববার দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার ডাকবাংলোর নৈশ্য প্রহরীর বাসা থেকে ৮ হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ উপ-পরিদর্শক হেলাল উদ্দীন প্রমাণিক ও তার সহযোগী মানিক দাসকে আটক করে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। এসময় আরেক সহযোগী মাসুদ রানা সুকৌশলে পালিয়ে যায়।
আটক দুইজনকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া মাসুদ রানাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মনিরুজ্জামান মনির বলেন, “হেলাল উদ্দীন প্রামাণিক পুলিশে কর্মরত অবস্থায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে ছিল। ইতোমধ্যে তাকে সাময়িকভাবে প্রত্যাহার করা নেওয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পুলিশের বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।