কুলাউড়া থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেন চলাচল শুরু

সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ চালু হয়েছে। 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায়  রোববার রাত সাড়ে ১১টায় ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর ট্রেন চলাচল বন্ধ থাকে।  

তবে সোমবার সকাল থেকে উপবন এক্সপ্রেসকে জয়ন্তিকা ট্রেন করা হয়। দুপুর সাড়ে ১২টায় জয়ন্তিকা এক্সপ্রেস কুলাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়। 

বরমচালে রেললাইন মেরামত না হওয়া পর্যন্ত সিলেটের সব ট্রেন কুলাউড়া থেকে চলাচল করবে।

শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার কবির আহমদ বলেন, গত রাতের দুর্ঘটনার পর আখাউড়া জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন বরমচালে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঢাকাগামী উপবন ট্রেনটি জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন নামে দুপুরে কুলাউড়া ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন সোমবার বেলা ১টা পর্যন্ত শমশেরনগর স্টেশনে আটকা পড়ে ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। এ দুটি ট্রেন কুলাউড়া স্টেশনে যাওয়ার পর উদয়ন ট্রেনটিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন করে চট্টগ্রামের উদ্দেশে ও পারাবত ট্রেনটি বিকেলে পারাবত এক্সপ্রেস ট্রেন হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

সিলেটের সহকারী স্টেশন মাস্টার সজীব কুমার মালাকার বলেন, ভেঙে যাওয়া কালভার্ট মেরামতে রেলওয়ের প্রকৌশলী ও কর্মীরা কাজ করছেন। সোমবার রাতের মধ্যে কালভার্টটি মেরামত করে রেল চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে।