লিবরার ঘোষণায় বিটকয়েনের দামে বিস্ময়কর উত্থান

ফেইসবুকের ভার্চুয়াল মুদ্রা লিবরা আসার খবরে বিটকয়েনের মূল্য বেড়ে গেছে। ২০১৮ সালের মার্চের পর প্রথমবারের মতো এই ভার্চুয়াল মুদ্রার দাম ১০ হাজার ডলার ছাড়িয়েছে। কয়েন ডেস্কের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে একটি বিটকয়েনের দাম ১০ হাজার ৭৫০ ডলার বা ৯ লাখ ৮ হাজার টাকা। এই মুদ্রা ভগ্নাংশ আকারেও কেনা যায়।

বিশ্বখ্যাত সাময়িকী বিজনেস ইনসাইডার জানিয়েছে, ফেইসবুকের কারণে বিটকয়েনের দাম এত বেড়েছে। ১৮ জুন ফেইসবুক তাদের ভার্চুয়াল লিবরার কথা জানায়। ২০২০ সালে এটির প্রচলন শুরু করবে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি। সেই খবর শুনে বিটকয়েনের প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছে।

২০১৮ সালে বিটকয়েনের চাহিদা প্রচুর কমে যায়। তখন দামও পড়ে যায়। ২০১৯ সালে এসে ঘুরে দাঁড়ায় এই মুদ্রা। এর আগে ২০১৭ সালে ২০ হাজার ডলারের কাছাকাছি দাম উঠে যায়! বছরের শেষ নাগাদ সবাইকে অবাক করে আবার ৩ হাজার ২০০ ডলারে গিয়ে ঠেকে।

ভার্চুয়াল মুদ্রার মধ্যে বিটকয়েন সবচেয়ে জনপ্রিয়। সারা বিশ্বের হাজার হাজার প্রতিষ্ঠানের সঙ্গে এদের চুক্তি আছে। সেসব প্রতিষ্ঠানে বিটকয়েন দিয়ে কেনাকাটা করা যায়। এটি মূলত ডিজিটাল মানি। অর্থাৎ অনলাইনে আপনার অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে ডিজিটাল কোডের মাধ্যমে আপনার মুদ্রা সংরক্ষিত থাকবে।

লিবরা জমা রাখতে ফেইসবুক কর্র্তৃপক্ষ ‘ক্যালিব্রা’ নামের একটি সাবসিডিয়ারি চালু করেছে, যা ডিজিটাল ওয়ালেট হিসেবে ভার্চুয়াল মুদ্রা সংরক্ষণ, আদান-প্রদান ও খরচ করার সুবিধা দেবে। ক্যালিব্রা ফেইসবুকের কয়েক শ কোটি ব্যবহারকারীর মেসেজিং প্ল্যাটফরমের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। বিটকয়েনের জন্যও এমন আলাদা ওয়ালেট আছে।