ট্রেনে কাটা পড়ে কামারখন্দে শিক্ষক পাবনায় যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চক শাহবাজপুর গ্রামে গতকাল সোমবার সকাল ৬টার দিকে  ট্রেনে কাটা পড়ে রেজাউল আলম (৫০) নামে এক শিক্ষক মারা গেছেন। এ ছাড়া গত রবিবার রাতে পাবনার ভাঙ্গুড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

কামারখন্দে মারা যাওয়া রেজাউল আলম চক শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

চক শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুন জানান, সোমবার সকালে রেজাউল আলম সিরাজগঞ্জ শহরে যাওয়ার সময় ওই এলাকার রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা জামতৈল স্টেশনগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি হারুন মজুমদার জানান, রবিবার রাতে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাতনামা এক যুবক রেললাইন পার হওয়ার সময় অথবা ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট ও হাফ হাতা হলুদ রঙের টি-শার্ট রয়েছে।