রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক তদারকি দরকার : ড. মাহাথির

রোহিঙ্গা প্রত্যাবাসনে একটি স্বাধীন আন্তর্জাতিক সম্প্রদায়ের তদারকি প্রয়োজন বলে মনে করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। গত রবিবার তিনি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বলে জানিয়েছে মালয়মেইল।

সংবাদ সম্মেলনে ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘একটি স্বাধীন আন্তর্জাতিক সম্প্রদায়ের তদারকিতে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়াটি হওয়া উচিত। আমরা আশা করি রাখাইন ও মিয়ানমারে যাতে তারা শাস্তির মুখোমুখি না হয় তা নিশ্চিত করবে আন্তর্জাতিক সম্প্রদায়।’

৩৪তম আসিয়ান সম্মেলনে তিনিই রোহিঙ্গা সংকটের প্রসঙ্গটি উত্থাপন করেছেন বলেও তিনি জানান। ওই সম্মেলনে সভাপতিত্ব করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল আয়ুথ চ্যান ও-চা।

মাহাথির বলেন, ‘আমি রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছি। রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন প্রতিবেদনে অভিবাসী ও শরণার্থীদের প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করা হয়নি। শরণার্থীদের মত অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। কারণ তারা রাখাইনে ফিরে যাওয়ার ক্ষেত্রে আতঙ্কিত অবস্থার মধ্যে আছে। আমরা আশা করি তারা যখন মিয়ানমারে ফিরবে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত করবে যাতে তারা নির্যাতনের শিকার না হয়।’

মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহাথির বলেন, ‘তিনি আমার পাশে বসে ছিলেন। বর্ণানুক্রমিকভাবে তিনি আমার পাশে বসে ছিলেন এবং এমনকি খেয়েছেন।’ তবে সম্মেলনে সু চির সঙ্গে কোনো ব্যক্তিগত কথোপকথন হয়েছে কি না তা জানা যায়নি।

তবে মাহাথির বলেন, ‘রাখাইন রাজ্য ও রোহিঙ্গা প্রসঙ্গে একমাত্র কথা বলেছে ইন্দোনেশিয়া। এই একটি বিষয় নিয়েই দেশটি কথা বলেছে। আমি অবশ্য সব সময়ের মতোই অনেক প্রসঙ্গ উত্থাপন করেছি।’

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে রাখাইনের কয়েকটি নিরাপত্তাচৌকিতে হামলার পর পূর্বপরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৭ লাখেরও বেশি মানুষ। তখন থেকেই রোহিঙ্গা ইস্যুতে সরব ভূমিকা পালন করছেন মাহাথির মোহাম্মদ।