চারটি কন্টেইনার জাহাজ দিচ্ছে ডেনমার্ক

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ডেনমার্ক থেকে চারটি কন্টেইনার জাহাজ পেতে যাচ্ছে। ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন গতকাল মঙ্গলবার সচিবালয়ে  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক ইয়াহইয়া সৈয়দ উপস্থিত ছিলেন।

আগামী ৬ মাসের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এমওইউ স্বাক্ষরের ৩ বছরের মধ্যে জাহাজগুলো পাওয়া যাবে। চারটি জাহাজ নির্মাণে ১০০ মিলিয়ন ইউরো ব্যয় হবে। ২৫ বছর মেয়াদে ১ দশমিক ৮ শতাংশ সফটলোনে জাহাজগুলো পাওয়া যাবে। প্রতিটি জাহাজ ১৫০০ কন্টেইনার (২০ ফুটের কন্টেইনার) বহন করতে পারবে। জাহাজগুলো চট্টগ্রাম-কলম্বো ও চট্টগ্রাম-সিঙ্গাপুর ফিডার রুটে চলাচল করবে।

বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে ১ হাজার ৫৩৭ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ছয়টি জাহাজ সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে চীন আর্থিক সহায়তা দিয়েছে ১ হাজার কোটি টাকা। বাকি টাকা বাংলাদেশ সরকারের। এ ছাড়া চীন থেকে বিএসসির বহরে যুক্ত হবে আরও ছয়টি জাহাজ। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছে ২ দশমিক ৫০  কোটি মার্কিন ডলার। এরই মধ্যে একনেকে এর অনুমোদন পাওয়া গেছে।

সংগৃহীত জাহাজগুলো হলো এমভি বাংলার জয়যাত্রা, এমভি বাংলার সমৃদ্ধি, এমভি বাংলার অর্জন, এমটি বাংলার অগ্রযাত্রা, এমটি বাংলার অগ্রদূত ও এমটি বাংলার অগ্রগতি।