বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, গত পাঁচ বছরে বাংলাদেশের দৃশ্যমান অনেক উন্নয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে দিনাজপুরের কান্তজিউ মন্দির পরিদর্শনে এসে তিনি একথা বলেন। রাষ্ট্রদূত বলেন, ‘আমি এই মন্দিরটি দেখতে এসেছি। অনেক আগে থেকে কান্তজিউ মন্দিরের নাম শুনেছি, কিন্তু দেখতে আসা হয়নি। মন্দিরটি দেখে খুবই ভালো লেগেছে। বাংলাদেশে এ রকম একটি মন্দির আছে এটা গর্বের বিষয়।’ রোহিঙ্গা প্রসঙ্গে জানতে চাইলে মিলার বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে পুরো বিশ্বকেই মিয়ানমারকে চাপ সৃষ্টি করতে হবে। তার দেশ রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে চাপ সৃষ্টি করবে বলেও জানান তিনি।
মার্কিন দূতাবাসের প্রেস স্পেশালিস্ট রিকি সালমিনা জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এয়ারফোর্সের যৌথ উদ্যোগে ‘প্যাক এঞ্জেলস’ প্রোগ্রামের আওতায় ছয় দেশের ২০০ চিকিৎসক লালমনিরহাটের ছয় হাজার মানুষকে বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করছেন। এ ছাড়াও লালমনিরহাটে কয়েকটি স্কুল নির্মাণে এয়ারফোর্সের প্রকৌশলীরা কাজ করছেন। তিনি আরও জানান, ঢাকা থেকে গত ২৩ জুন রওনা দিয়ে বগুড়ার মহাস্থানগড় এবং সেখানে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মিটিং শেষে রংপুর ও দিনাজপুরের বেশ কিছু জায়গা পরিদর্শন করেছেন মিলার। তার সফরসঙ্গী হিসেবে রয়েছে স্ত্রী মিশেল অ্যাডেলম্যানসহ আরও দুজন।