নিরাপদ সড়ক চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়া তরুণ প্রকৌশলী সড়কেই প্রাণ হারালেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদ সড়ক আন্দোলনকে জোরালো সমর্থন জানিয়েছিলেন তড়িৎ প্রকৌশলী শাহানুর রহমান সাবনুর (২৫)।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! এর প্রায় এক বছরের মাথায় সেই সাবুনর বাড়ির পাশেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
সাবনুর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাদারপুর কুশদহ্ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
গত ২৪ জুন দুপুরে পার্বতীপুর-মধ্যপাড়া সড়কে সোনালী ব্যাংকের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবাসহ তিনি নিহত হন।
জানা গেছে, সেদিন মোটরসাইকেলে করে বাড়ি থেকে রংপুরের বদরগঞ্জে যাচ্ছিলেন বাবা-ছেলে। ঢাকাগামী রেখা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর এলাকার কুর্মিটোলা হাসপাতালের সামনের সড়কে বাসচাপায় দুই স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন গড়ে ওঠে। তখন ঢাকার রাজপথ ছিল উত্তাল। নিরাপদ সড়কের আন্দোলনে সোচ্চার ছিলেন সাবনুরও।
আন্দোলনকে সমর্থন জানিয়ে ২০১৮ সালের ২ আগস্ট ফেসবুক একাউন্টে নিজের ছবির গায়ে নিরাপদ সড়ক চাই স্টিকার দিয়ে পোস্ট দেন সাবনুর।
তার পারিবারিক সূত্র জানায়, ২০১৬ সালে সাবনুর দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগ থেকে পাস করেন। পরে ২০১৮ সালে গাজীপুর জেলার শ্রীপুরের রাজেন্দ্রপুরে ডিআইআরডি কম্পেজিট টেক্সটাইলস লিমিটেডে উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরিতে যোগদান করেন। কর্মস্থলে থাকা অবস্থায় নিরাপদ সড়ক আন্দোলন শুরু হলে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে তাতে সমর্থন জানান।