মহাজোটের সঙ্গে থাকা ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আচরণে জাতীয় পার্টিতে (জাপা) ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। গত তিন দিন দলটির বিভাগীয় সাংগঠনিক সভায় এ নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতারা। তারা বলছেন, গত তিনবার যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে তা জাপার কারণে। কিন্তু সরকার জাপার সঙ্গে ক্রমাগত বৈরী আচরণ করছে। মহাজোট থেকে বেরিয়ে এসে জাপাকে সত্যিকারের বিরোধী দলের ভূমিকায় আসারও দাবি জানান নেতাকর্মীরা। এমন প্রেক্ষাপটে শীর্ষ নেতারা তাদের আশ্বস্ত করে বলেছেন, মহাজোট যদি বেশি বৈরী আচরণ করে প্রয়োজনে যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল বুধবার রাজধানীর এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে চার দিনব্যাপী বিভাগীয় সাংগঠনিক সভার তৃতীয় দিনে যোগ দেন জাপার চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় নেতারা। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে আর বেচাকেনা চলবে না। ভবিষ্যতে মনোনয়ন বাণিজ্য করতেও দেওয়া হবে না। কেউ এ অপচেষ্টা করতে চাইলে সবাইকে নিয়ে প্রতিরোধ করা হবে।’
তিনি বলেন, ‘বিগত নির্বাচনে পার্টির ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। আমার মনে হয়, নির্বাচনের সময় যারা ছিলেন, তাদের কাজ করার যথেষ্ট সুযোগ ছিল না পরিস্থিতির কারণে। মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছিল। কথা দিচ্ছি, ভবিষ্যতে এই সুযোগ থাকবে না। আমরা সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। সামনে বিভিন্ন দল থেকে লোকজন আসবে, তাদের জায়গা দিতে হবে। তবে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হবে না। আপনারা মতামত দিলে এক নেতার একপদ নীতি ফলো করতে পারি।’
জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি পারিবারিক পরিচয়ে দলের নেতৃত্ব দিতে চাই না। আপনারা না চাইলে আমি নেতৃত্ব দেব না। আমি চাই, এই পার্টির মালিক হবেন আপনারা সবাই। আমি পার্টির সব কার্যক্রমে আপনাদের সম্পৃক্ত করতে চাই। আমি ক্ষমতার লোভী নই, অর্থলোভী নই। কাউকে দল বিক্রি করতে দেওয়া যাবে না। কেউ করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।’
সভার শুরুতে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘শৃঙ্খলার অভাবে আমরা ১৯৯৬ সাল থেকে ক্ষমতায় আসতে পারি নাই। এরশাদের সমর্থন না পেলে আওয়ামী লীগ ক্ষমতার চেহারা দেখতে পেত না। আমাদের সহযোগিতায় ক্ষমতায় এসে তারাই আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। কোনো জেলা বা উপজেলার নেতার ওপর যদি এরা হাত তোলেÑ তাহলে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব।’ তিনি আরও বলেন, ‘আমরা আগামীতে আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হব না।’ বক্তব্য শেষে রাঙ্গা সেøাগান দেনÑ ‘দুই নাগিনীর একই বিষ/নৌকা আর ধানের শীষ।’
এ সময় আরও বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম মেম্বার কাজী মামুনুর রশিদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমান মেজবাহ, জহিরুল আলম রুবেল, নজরুল ইসলাম বাবর প্রমুখ।