চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০২০ আর্থিক বছরের প্রাক্কলিত বাজেট ৩৩৯ কোটি ১৮ লাখ টাকা অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার চবি উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটি (এফ.সি.) ও সিন্ডিকেটের ৫৫ তম যৌথ সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভায় ২০১৮-২০১৯ আর্থিক সনের সংশোধিত বাজেট ৩৩৪ কোটি ৩৭ লাখ টাকার অনুমোদনও দেওয়া হয়েছে। এসময় আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য সিনেট সভায় এ বাজেট পেশ করার জন্য অনুমোদন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপাচার্যের ‘রুটিন দায়িত্ব’ পাওয়া চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পর্ষদের আন্তরিক ও সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালনে সক্ষম করেছি। এই সফলতার প্রথম সোপান হিসেবে আমাকে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব অর্পণ করেছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরী এ বাজেট উপস্থাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির (এফ.সি) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ সালের অর্থ বছরের বাজেট ছিল ৩২৯ কোটি ৫০ লাখ টাকা।