দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে অবশেষে উপজেলা পরিষদ পরিচালনার দায়িত্ব পেলেন নীলফামারী সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে হাজির হয়ে নিজ নিজ পদে যোগদান করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী।
নিজ নিজ কার্যালয়ে যোগদানের পর উপজেলার মাসিক সভায় মিলিত হন তারা। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন সদর উপজেলার নবাগত নির্বাহী কর্তকর্তা এলিনা আক্তার ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাদৌলা।
এর আগে সকালে জেলা শহরের ডিসির মোড়ের বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করেন তারা। আইনি জটিলতায় চেয়ারম্যান পদটি স্থগিত থাকায় শপথ গ্রহণের পরও এত দিন ভাইস চেয়ারম্যানদ্বয় কার্যালয়ে নিজ নিজ পদে যোগদান থেকে বঞ্চিত ছিলেন।