পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য পুলিশ সুপারকে (এসপি) ফুটবল দলের জার্সি উপহার দেওয়ার নামে অভিনব কায়দায় ৭ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন এক ব্যক্তি। গতকাল শুক্রবার সকালে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পুলিশ লাইনসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটক নুরুল ইসলাম (৫২) সদর উপজেলার চাঁচড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার জানান, প্রায় এক সপ্তাহ আগে নড়াইল সদরের চাঁচড়া গ্রামের নুরুল ইসলাম তাকে খেলার জার্সি উপহার দিতে আসেন তার অফিসে। রাতে বাসায় গিয়ে দেখা যায় জার্সির মধ্যে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ও বায়োডাটা রয়েছে। বিষয়টি কাউকে বুঝতে না দিয়ে প্যাকেটটি ওভাবেই রেখে দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি ফোন করে এসপির সঙ্গে দেখা করতে চাইলে অফিসে আসতে বলা হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ঘুষ দেওয়ার অভিযোগে আটক করা হয়।