৩ নতুন রূপে হাজির হচ্ছি...

তানিম রহমান অংশু নির্মাণ করেছেন সার্ফিং নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। সম্প্রতি সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। ভিন্নধর্মী এ গল্পের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মডেল সুনেরাহ বিনতে কামাল। সিনেমার নানা বিষয়ে তিনি কথা বললেন সুদীপ্ত সাইদ খানের সঙ্গে

 

সাম্প্রতিক কাজ

যেহেতু এটি আমার প্রথম সিনেমা, তাই সিনেমাটি মুক্তির জন্য প্রহর গুনছি। আর সিনেমা হাতে নেওয়ার পর থেকেই মডেলিংয়ের কাজ কমিয়ে দিয়েছি। তবে অফিশিয়াল কাজ নিয়ে ব্যস্ত আছি।

 

মডেল থেকে নায়িকা

আট-নয় বছর ধরে মডেলিং করছি। এখন সিনেমা করলাম। যেটা হওয়ার ছিল, সেটা হয়ে গেছে। আমি হ্যাপি। অনুভূতিটা ওরকমভাবে ভাবিনি। হয়তো সিনেমাটি মুক্তি পাওয়ার পর বুঝতে পারব, আসলেই আমার অনুভূতিটা কেমন।

 

ইতিহাসের অংশ...

হ্যাঁ, সার্ফিং নিয়ে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র। তবে সিনেমা হাতে নেওয়ার সময় অত কিছু ভাবিনি। আমি আসলে নতুন একটা গল্পে, মানসম্পন্ন একটা সিনেমা করতে চেয়েছি। সিনেমার গল্প আর মানসম্পর্কে ধারণা নিয়েই কাজ করেছি। দর্শকের কাছে নতুন একটা কাজ নিয়ে হাজির হচ্ছি। শুধু তা-ই নয়, আমি নিজেও একদম নতুন রূপে হাজির হতে যাচ্ছি।

 

সার্ফিং নিয়ে প্রশিক্ষণ

সার্ফিংয়ের ওপর ট্রেইনিং নেওয়া কঠিন ছিল। তবে এর মজাটা পেয়ে যাওয়ার পর আর কষ্টের কথা মনে পড়েনি। সার্ফিং করার চেষ্টা করলেই বুঝতে পারবেন এটা কত যে মজার। কথায় বলে না, ‘পেইন যত বেশি, গেইনও তত বেশি’Ñ তো এটাও সে রকম।

 

ঢেউয়ের সঙ্গে লড়াই

আমি সমুদ্রকে ভয় পাই না। সমুদ্রকে ভিশন ভালোবাসি। ফলে সার্ফিং করতে গিয়ে সমুদ্রকে ভয় পাইনি। তবে ভয় না পেলেও একবার একটা দুর্ঘটনা ঘটেছিল। তখন কিছুটা ভড়কে গিয়েছিলাম। যদিও তেমন কিছু হয়নি।

 

এই সিনেমায় বাস্তব জীবনের রূপায়ণ এটি প্রথম নারী সার্ফারের গল্প থেকে অনুপ্রাণিত হলেও, এটি তার জীবনের গল্প নয়। যদিও বেশির ভাগ মানুষ ভুল করছে এই ভেবে যে, সিনেমাটি প্রথম নারী সার্ফারের জীবনেরই গল্প। আসলে তা নয়। তার জীবন থেকে অনুপ্রাণিত হলেও আমাদের সিনেমার গল্পটা একটু ভিন্ন।

 

নায়ক শরিফুল রাজের সঙ্গে কাজের অভিজ্ঞতা...

ওর সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। আমরা একসঙ্গেই মডেলিং করেছি। ট্রেইনিং করতে গিয়ে ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। ও এখন ভালো বন্ধু হয়ে গেছে আমার।