ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাদের আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অসুস্থ হয়ে বিদেশে থাকায় এ ব্যাপারে খুব বেশি কিছু তার জানা নেই। দায়িত্বপ্রাপ্ত দলের চার
নেতা এ বিষয়টি বলতে পারবেন। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
গত ১৩ মে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা আন্দোলন করে আসছেন। এ বিষয়ে ওবায়দুল কাদের সাংবাদিক বলেন, ‘ছাত্রলীগের ব্যাপারে আমাদের চারজন সহকর্মীকে দলীয় সভাপতি শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন। ছাত্রলীগ সম্পর্কে আপনারা যদি কিছু জানতে চান যারা দায়িত্বপ্রাপ্ত তারা জবাব দেবেন।’
ওই এই চার নেতা ব্যর্থ হলে আওয়ামী লীগের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা সফল কী ব্যর্থ তার বিচার প্রধানমন্ত্রী করবেন। আমি নিজেও এ বিষয়ে খুব বেশি কিছু একটা জানি না, অসুস্থ হয়ে বিদেশে ছিলাম। এ বিষয়ে অনেক কিছু আমার জানা নাই। দায়িত্বপ্রাপ্ত নেতারা ভালো বলতে পারবেন।’
একাত্তরের ভূমিকা নিয়ে সমালোচনা থাকলেও জামায়াতে ইসলামীর বর্তমান অবস্থান নিয়ে কোনো প্রশ্ন নেইÑ এলডিপি (লিবারেল ডেমোক্রেটিক লীগ) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে বাস্তবতাটা কী সেটা দেখতে হবে সরেজমিনে। তারা কি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে আর সেটা কতটা করে, সেটা তাদের কার্যক্রমের ওপর নির্ভর করবে। এর জন্য অপেক্ষা করতে হবে।’
গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এলডিপি সভাপতি অলি আহমদ সংসদের পুনর্নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ ১৮ দফা দাবি আদায়ে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ নামে নতুন প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন। নতুন এ জোট কেমন হবেÑ জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসুক, গণতান্ত্রিক রাজনীতিতে আসুক। নতুন প্ল্যাটফর্মকে আমরা অবশ্যই স্বাগত জানাব, আমরা এর বিরুদ্ধে নয়। নতুন প্ল্যাটফর্ম এসে রাজনীতিটা কী করছে, সেটার ওপর নির্ভর করছে আসলে তারা কী চায়।’
বরগুনায় দিনেদুপুরে রাস্তায় স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনা সরকারের বিচারহীনতার প্রমাণÑ বিএনপির এ অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এই দেশে বিচারহীনতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি, তাদের মুখে এই কথা শোভা পায় না।’
আওয়ামী লীগের সদস্য সংগ্রহের জন্য জেলা-উপজেলায় নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সদস্য সংগ্রহ শুরু করে দিয়েছি। নতুন সদস্য সংগ্রহ করা হবে আর যারা আগে আছেন তাদের নবায়ন করতে হবে।’ এবারে যুদ্ধাপরাধী ও জামায়াত পরিবার সংশ্লিষ্টদের সদস্য করা হবে কি নাÑ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত বছর আমরা সদস্য সংগ্রহ অভিযান চালিয়েছি এবং ভালোভাবে সম্পন্ন হয়েছে। শেষ হওয়া পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ পড়েনি। এবারকার নির্বাচনে অনেক নবীনরা কাজ করেছে। আমরা এবার আওয়ামী লীগের নির্বাচনে যারা অংশ নিয়েছে তাদের সদস্য করব। অন্যান্য দলের কাউকে সদস্য করার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। তবে যুদ্ধাপরাধীদের ছেলে, এসব বিষয়গুলো স্টিকলি দেখা হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফজাল হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়াসহ কেন্দ্রীয় নেতারা।