সাংবাদিকদের ফখরুল

বিশ্বজিতের সঙ্গে রিফাত হত্যার যোগসূত্র রয়েছে

বিশ্বজিৎ হত্যার সঙ্গে বরগুনায় সন্ত্রাসীদের হাতে নিহত রিফাত শরীফের হত্যার ঘটনার যোগসূত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যখন কোনো অপরাধী দলের নেতাকর্মী হওয়ার কারণে মুক্ত হয়ে যায়, স্বাভাবিকভাবে তখন অন্য অপরাধীদের দলীয় ছত্রছায়ায় গিয়ে অপরাধ করার প্রবণতা আরও বেড়ে যায়।’

গতকাল শুক্রবার বিকেলে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর  রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজকে নিয়ে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে বরগুনায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যার ঘটনার ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। প্রতিদিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। বরগুনার এ ঘটনা প্রমাণ করে এ সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

জাতীয় মুক্তি মঞ্চকে স্বাগত জানালেন মির্জা ফখরুল : লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় মুক্তি মঞ্চের যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যেকোনো উদ্যোগকে বিএনপি স্বাগত জানায়।  যেকোনো দলের সিদ্ধান্ত নেওয়ার ও গণতান্ত্রিক কর্মসূচি  ঘোষণা করার অধিকার আছে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার।

তিনি বলেন, ‘বগুড়া-৬ সংসদীয় আসনটি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসন। এখান  থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছেন। আজ সেই আসনের উপনির্বাচনে জিএম সিরাজ নির্বাচিত হয়েছেন। তাকে সঙ্গে নিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলাম। আজকে এখানে শপথ নিয়েছি, গণতন্ত্রের  যে সংগ্রাম তাকে অব্যাহত রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে জোরদার করব।’

মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, জিএম সিরাজ, যিনি নির্বাচিত হয়েছেন তিনি পার্লামেন্টে গিয়ে দেশের কথা, জনগণের কথা, বেগম জিয়ার মুক্তির কথা এবং নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে কথা বলবেন। আমরা সত্যিকার অর্থেই দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাব।

নাসিমের বক্তব্যে প্রতিক্রিয়া নেই মির্জা ফখরুলের : গত ২৫ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম দাবি করে বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে ড. কামাল হোসেন বিএনপির সঙ্গে  জোট বাঁধলেও আওয়ামী লীগের পক্ষেই কাজ করেছেন। এ বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এসব পলিটিক্যাল রেটোরিক্টস (অবান্তর)। এগুলোর উত্তর পাবেন না আমার কাছে।

জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বগুড়া-৬ আসনের সাংসদ  গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়া-৪ আসনের সাংসদ  মোশাররফ হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।