৯৯৯ নম্বরে কল পেয়ে ধর্ষণের আসামি গ্রেপ্তার

নগরীতে জরুরি হেল্পলাইন ৯৯৯ নম্বরে কল করে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ করেছিল এক কলেজছাত্র। এতে সাড়া দিয়ে গত বৃহস্পতিবার বিকেলে বারেক হাওলাদার নামের সন্দেহভাজনকে আটক করে পুলিশ। পরে ওই রাতে ছাত্রীর মায়ের করা মামলায় বারেককে গ্রেপ্তার দেখানো হয়। ওই ছাত্রী নগরীর রসুলপুর চরের একটি স্কুলে পড়ছে।

তার মা জানান, গত বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে পরীক্ষা শেষে বাসায় ফিরে খাবার চায়। ঘরে খাবার না থাকায় তিনি তাকে পার্শ্ববর্তী দোকানে খাবার কেনার জন্য পাঠান। পথে একই এলাকার বাসিন্দা         

বারেক হাওলাদার তাকে আম ও বিস্কুট দেওয়ার কথা বলে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করে। মেয়ে বাসায় এসে যৌন নির্যাতনের কথা জানালে তিনি প্রতিবেশী কয়েকজন নারীকে নিয়ে বিষয়টি পরখ করেন। পরে অন্য এক প্রতিবেশী শিক্ষার্থীকে বিষয়টি জানান। ওই শিক্ষার্থী ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে বিষয়টি জানায়। এরপর পুলিশ এসে বারেককে গ্রেপ্তার করে।

প্রতিবেশী কলেজ শিক্ষার্থী মো. জীবন জানায়, শিশুটির পরিবার ঠিক বুঝে উঠছিল না কী করা উচিত। তাই সে নিজে থেকেই পুলিশকে বিষয়টি অবহিত করে। কিছুক্ষণ পরই পুলিশ বারেককে গ্রেপ্তার করে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে বারেককে গ্রেপ্তার করে। বিকেল ৩টায় তাকে আটক করে নিয়ে আসা হয়। রাতে এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় বারেককে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

এদিকে পরীক্ষার জন্য গতকাল দুপুরে ওই ছাত্রীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব জানান, শিশুটিকে ধর্ষণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

নির্যাতিত শিশু গৃহকর্মীকে উদ্ধার : জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে গতকাল শুক্রবার রাজধানীর পল্টন এলাকার একটি ফ্ল্যাট থেকে নির্যাতনের শিকার এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। ঝর্ণা (৮) নামের ওই শিশুর হাত, পা ও পিঠে আগুনে ছ্যাঁকা দেওয়ার ক্ষত রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তা পল্টন থানার এসআই রাজিউল ইসলাম। দেশ রূপান্তরকে তিনি আরও জানান, পল্টনের শান্তিনগরের ১৬২/এ নম্বর বাড়ির ওই ফ্ল্যাটের প্রতিবেশী কেউ ৯৯৯ নম্বরে ফোন করে নির্যাতনের খবর দেয়। রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শিশুটির সারা শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নির্যাতনকারী গৃহকর্ত্রীকে আটক করা হয়েছে। শিশুটির বাবার নাম আশরাফ। বাড়ি নোয়াখালী।