না.গঞ্জে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে জখম

জেলার বন্দর থানার বক্তারকান্দি এলাকায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. শাহীন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল শুক্রবার

বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন ও পুলিশ জানায়, স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এর আগে স্থানীয় আমজাদ ওরফে বল্টু আমজাদের বিরুদ্ধে মামলা করেছিলেন শাহীন। মামলার জের ধরে গতকাল শাহীনের সামনে তার স্ত্রীকে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ শুরু করেন আমজাদ। এর প্রতিবাদ করেন শাহীন। ওই সময় আমজাদ তার ছেলে আপন, হৃদয় ও ভাতিজা আকাশকে ফোনে অস্ত্রশস্ত্র নিয়ে আসতে বললে তারা এসেই শাহীনের ওপর হামলা শুরু করে; এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে তাকে। শাহীন দৌড়ে একটি মুদির দোকানে ঢুকলে সেখানেও হামলা করে তারা। ওই সময় শাহীনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের বিছানায় শাহীন দেশ রূপান্তরকে জানান, বন্দর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বল্টু আমজাদ বেশ কিছুদিন ধরে তার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছেন। এর আগে তার স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন আমজাদ। এ বিষয়ে তিনি থানায় মামলা করেন। গতকাল তার স্ত্রীকে আবার আপত্তিকর কথা বললে তিনি প্রতিবাদ করেন। ওই সময় আমজাদ পূর্বপরিকল্পিতভাবে ফোন করে ধারালো অস্ত্রশস্ত্রসহ সন্ত্রাসী এনে জনসম্মুখে তাকে কুপিয়ে আহত করেন। বন্দর থানার ওসি রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, শাহীনকে মারধরের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।