টস হেরে আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ে পাকিস্তান

প্রতিপক্ষ আফগানিস্তান হলেও ম্যাচটি পাকিস্তানের জন্য অনেকটা বাঁচা-মরার। পা ফসকে গেলেই গেল! লিডসের হেডিংলিতে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস হেরে প্রতিবেশী দেশটির বিপক্ষে প্রথমে বোলিংয়ে নামতে যাচ্ছে সরফরাজ আহমেদের দল।

আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে পাকিস্তানের থেকে চার ধাপ পিছিয়ে আছে আফগানিস্তান। সরফরাজদের অবস্থান র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে। অন্যদিকে আফগানরা অবস্থান করছে দশ নম্বরে। দু’দলের রেটিং পয়েন্টের ব্যবধানটাও কম নয়। ৯৬ রেটিং পয়েন্ট পাকিস্তানের আর ৬০ রেটিং পয়েন্ট আফগানিস্তানের।

ইংল্যান্ড বিশ্বকাপে শুরুটা বেশ বাজে হয়েছিল পাকিস্তানের। প্রথম ম্যাচে ওয়েস্ট উইন্ডিজের কাছে বড় ব্যবধানে হার। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় তারা। শক্তিশালী ইংলিশদের হারিয়ে দেয়। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত। আবারও টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে শোচনীয়ভাবে হারে সরফরাজ আহমেদের দল। তবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে টানা দুই ম্যাচ হারিয়ে সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা। নিজেদের সামর্থ্য প্রমাণ করছে বিশ্ব মঞ্চে।

আর বিশ্বকাপে নিজেদের খেলা সাত ম্যাচের সব কয়টিতেই হেরেছে আফগানিস্তান। মাঠের বাইরে তাদের কথার সাথে মাঠের পারফরম্যান্সের মিল নেই। সেই সাথে মাঠের বাইরেও জড়িয়েছে নানা বিতর্কে। আফগানদের লক্ষ্য তাই অন্ততপক্ষে বিশ্বকাপে একটি ম্যাচে জয়। তবে তাদের থেকে বেশ এগিয়ে পাকিস্তান। কিন্তু, ভারতের বিপক্ষে যে লড়াইটা করেছিল আফগানরা সেটা করতে পারলে সম্ভবনা থাকছে পাকিস্তানকে হারানোরও।

এদিকে ম্যাচটি গুরুত্বপূর্ণ মাশরাফীবাহিনীর জন্যও। সেমিতে ওঠার লড়াইয়ে পাকিস্তান এখন সরাসরি প্রতিদ্বন্দ্বী হওয়ায় এই ম্যাচে বাংলাদেশের শর্তহীন সমর্থন থাকবে আফগানিস্তানের পক্ষে। যে করেই হোক টাইগারদের সেমি-ফাইনালে ওঠার পথের বাধাকে থামাতেই হবে।

ম্যাচটিতে জিতে গেলে বাংলাদেশ (৭) ও ইংল্যান্ডকে (৮) টপকে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে যাবে পাকিস্তান। আর হারলে তাদের সেমিতে ওঠার সমীকরণ অনেক কঠিন হয়ে যাবে। সহজ হবে বাংলাদেশের জন্য।

ওয়ানডেতে পাকিস্তান-আফগানিস্তান এ পর্যন্ত মুখোমুখি হয়েছে তিনটি ম্যাচে। সব কয়বারই জয় পেয়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিতে পারে গুলবাদিন নায়েবের দল। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে ওই লড়াইয়ে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছিল তারা। বিশ্বকাপে এটাই হবে দল দুটির প্রথম ম্যাচ।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। একই একাদশ নিয়ে আফগানিস্তানের সঙ্গে লড়বে তারা।

একটি পরিবর্তন আফগানিস্তান একাদশে। পেসার হামিদ হাসানের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন আরেক পেসার দওলত জাদরান।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক-উইকেটকিপার), ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি

আফগানিস্তান একাদশ: গুলবাদিন নায়েব (অধিনায়ক), রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, সামিউল্লাহ শিনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলি খিল (উইকেটকিপার), রশিদ খান, হামিদ হাসান ও মুজিব উর রহমান