সন্তান প্রসবের জন্য ‘সিজারিয়ান অপারেশন’ বিপুল অর্থ অপচয়ের পাশাপাশি মা ও শিশুকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দেয়। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গত বছর ৮ লাখ ৬০ হাজার নারীর অপ্রয়োজনীয় সিজার বা অস্ত্রোপচার হয়েছে। যার জন্য খরচ হয়েছে ৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ হাজার কোটি টাকা। ২০১৮ সালে যত সিজারিয়ান হয়েছে তার ৭৭ শতাংশই চিকিৎসাগতভাবে অপ্রয়োজনীয় ছিল। একদিকে অপ্রয়োজনীয় এমন সিজারিয়ান হচ্ছে; অন্যদিকে প্রয়োজন থাকা সত্ত্বেও টাকার অভাবে এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন প্রায় ৩ লাখ নারী। কিছু অসাধু চিকিৎসকের কাছে সিজারিয়ান একটি লাভজনক ব্যবসা। এছাড়া কোনো কোনো হাসপাতাল আয়ের উৎস হিসেবে সন্তান প্রসবে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার করে থাকে। এদিকে, প্রসূতিদের মধ্যে ‘প্রসবভীতি’ কাজ করার ফলেও এমন অস্ত্রোপচার বাড়ছে বলে কেউ কেউ মনে করেন। অপ্রয়োজনীয় অস্ত্রোপচার বন্ধে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এর নেতিবাচক দিকগুলো মানুষকে জানানো প্রয়োজন। এছাড়া হাসপাতালগুলোকেও এ বিষয়ে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
শামীম শিকদার, ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুর