কারও সঙ্গে পরিচয় হলো, তারপর দীর্ঘ আলাপন। আগন্তুক বুঝে গেলেন আপনার ব্যক্তিত্ব। হয়তো তিনি মুগ্ধ, নয়তো বিরক্ত। যদি কিছু কৌশল জানা থাকে, তবে প্রথমটি হওয়ার সম্ভাবনা বেশি। অন্যথায় ষোলোআনাই মিছে!
যখন কেউ কথা বলতে আসবে কিংবা আপনি যাবেন, তখন ভালো শ্রোতা হওয়ার মানসিকতা রাখুন। অন্যের কথা মন দিয়ে শুনুন। প্রশ্ন করতে চাইলে ওপেন-এন্ডেড বা বর্ণনামূলক উত্তরের প্রশ্ন করুন। ‘হ্যাঁ’ বা ‘না’ বোধক উত্তর আসে এমন প্রশ্ন যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, অধিকাংশ মানুষ নিজের কথা বিস্তারিত বলতে চায়। ‘আমি’, ‘আমার’ এড়িয়ে চলুন। এতে শ্রোতা আপনাকে আপন ভাববে।
কথা বলার সময় বক্তা সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য জানার চেষ্টা করুন। প্রতিনিয়ত নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারাও একটা দক্ষতা। এতে আপনার সামাজিক নেটওয়ার্ক বাড়বে।
সব সময় অন্যের প্রশংসা করার চেষ্টা করুন। সুন্দর প্রশংসা একটি শিল্প। তবে সেটি যেন কোনোভাবেই অপ্রাসঙ্গিক না হয়। যা বলবেন, আন্তরিকতার সঙ্গে বলার চেষ্টা করুন। অপরের সম্পর্কে নিজে যা বিশ্বাস করেন না, তা বলতে যাবেন না। বিশ্বাস নিয়ে ‘মিথ্যা’ কথা বললেও তাতে যে রং ছড়ায়, তা কোনো শিল্পীও তৈরি করতে পারেন না।
ভুল ধরার ক্ষেত্রে সাবধান হতে হবে। যদি ভুল ধরিয়ে দিতেই চান তবে সেটা যেন মার্জিত হয়। সংশোধনের নিমিত্তে হয়। আর সেটা সবার সামনে কখনোই বলবেন না।