রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার পানীয় খাওয়ার ব্যক্তিগত মগ নিয়ে জি-২০ সম্মেলনে গেছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, জাপানের ওসাকায় অনুষ্ঠিত ওই সম্মেলনে গত শুক্রবার নিজের মগে করেই পানীয় পান করেছেন পুতিন। বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ায় এ নিয়ে প্রতিবেদন হলে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসের সৃষ্টি হয়। অনেকে আবার ট্রল করে বলছেন, পুতিন ‘মানসিক বৈকল্যে’ ভুগছেন।
সম্মেলনের ভিডিওতে দেখা যায়, গত ২০ বছর ধরে রাশিয়া ফেডারেশনের ক্ষমতায় থাকা পুতিন একটি সাদা মগে পানি খাচ্ছেন। যেখানে ট্রাম্পসহ অন্য নেতারা আয়োজক কর্র্তৃপক্ষের দেওয়া মগে করেই পানীয় পান করেন।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সংবাদ সংস্থা আরআইএন নভোস্তিকে বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘তিনি (পুতিন) প্রতিনিয়ত ওই মগে করেই পান করে থাকেন। তাই অভ্যাসের কারণেই তিনি তার ব্যক্তিগত মগ ব্যবহার করেছেন।’
রুশ প্রেসিডেন্টের পাশেই ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিও কফি কালারের একটি মগে করে খাচ্ছেন। তার পাশে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে হাসতে দেখা যায়।
প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে হাস্যরসাত্মক টুইটার অ্যাকাউন্ট ডার্থি পুতিন কেজিবি এক পোস্টে লিখেছে, ‘আমি যা দেখেছি যদি আপনিও সেটাই দেখে থাকেন, তাহলে আপনিও আজ থেকে আপনার কাপ সঙ্গে করেই বহন করবেন।’
গত শুক্রবার থেকে শুরু হয় বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সংগঠন জি-২০-এর দুদিনব্যাপী সম্মেলন। সেখানে ট্রাম্প-পুতিনসহ বিশ্বের পরাশক্তি হিসেবে পরিচিত দেশের নেতারা যোগ দেন। রুশ প্রেসিডেন্ট পুতিন সম্মেলনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ও ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।