গোপালগঞ্জের মুকসুদপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার গেঁড়াখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার ঢাকপাড় গ্রামের সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এরশাদ খানের স্ত্রী শাওন বেগম (৩৪) এবং ছেলে সাকিব খান (৮)। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান জানান, সকাল ৮টার দিকে মুকসুদপুরের গেঁড়াখোলায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস মা-ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। পরে প্রশাসনের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়। বাসচালককে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মা-ছেলের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এদিন দুপুর ১টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে ট্রলিচাপায় নার্গিস বেগম (২০) নামে এক নারী নিহত হন। তিনি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকুলিয়া গ্রামের সেলিম খানের স্ত্রী। সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ছেলেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে নার্গিস দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত ছেলে ও ভ্যানচালককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া গতকাল চট্টগ্রাম নগরীর আতুরার ডিপু এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। সকালে সাতক্ষীরার দেবহাটায় থ্রি হুইলার মাহেন্দ্রের চাপায় এক শিশু মারা যায়। ভোররাতে যশোর সদর উপজেলার সাদিপুর এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে হেলপার এবং বেলা ১১টার দিকে শার্শার জামতলায় বাসের ধাক্কায় আরেকজন প্রাণ হারান। সকালে ময়মনসিংহের ফুলপুরে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে। আগের দিন রাত ১১টার দিকে রংপুরের মিঠাপুকুরে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। বিস্তারিত ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ
চট্টগ্রাম : নগরীর আতুরার ডিপু এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় নুরুল হক (২৮) নামে একজন নিহত হয়েছেন। গতকাল এ দুর্ঘটনা ঘটে। তিনি সুনামগঞ্জের তাহেরপুর থানার রহমতপুর গ্রামের মো. ইউনুছের ছেলে।
সাতক্ষীরা : দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, উপজেলার গাজীরহাটে মাহেন্দ্রচাপায় নাসিমা খাতুন (৪) নিহত হয়। গতকাল সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাসিমা সুশীলগাথী গ্রামের আবদুর রহমানের মেয়ে। রাস্তা পারাপারের সময় গাজীরহাট অগ্রণী ব্যাংকের কাছে একটি মাহেন্দ্র তাকে চাপা দেয়। উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহেন্দ্রচালক আয়ুব হোসেনকে (৩৮) আটক করা হয়েছে।
যশোর : গতকাল ভোররাতে সদর উপজেলার সাদিপুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে হেলপার মনিরুল ইসলাম (২৫) নিহত হন। তিনি সদর উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় চালক রানা (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার বাড়িও সদরের ঘুরুলিয়ায়। খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে বেলা ১১টার দিকে শার্শা জামতলা বাসের ধাক্কায় নসিমনে থাকা টুটুল (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হন। তিনি ঝিকরগাছা থেকে শার্শার সাতমাইল গরুহাটে যাচ্ছিলেন বলে জানান নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকউদ্দিন।
রংপুর : গত শুক্রবার রাত ১১টার দিকে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হন। নিহতরা হলেন মুরাদ হোসেন (৩৪), মধু মিয়া (৩৬) ও শম্ভু (২৭)। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ওসি আবু জাফর বিশ্বাস জানান, ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী নাবিল পরিবহন ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে মোটরসাইকেলের ওপর বসে থাকা ওই তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন, আরেকজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নেত্রকোনা : ময়মনসিংহের ফুলপুর উপজেলার খিচা নামক স্থানে গতকাল সকালে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক আবুল বাশার (৫০) নিহত হয়েছেন। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামতলা এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় সিএনজির পাঁচ যাত্রী আহত হয়েছে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জয়পুরহাট : কোরবানির ঈদকে সামনে রেখে গতকাল দুপুরে গরু কেনার জন্য অটোভ্যানযোগে ক্ষেতলাল উপজেলার হোপের হাট যাচ্ছিলেন আজিজুল হক (৩৫)। পথে কালাই উপজেলার টিএনটি এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে কুকুরের ধাক্কা লেগে সেটি উল্টে গিয়ে সড়কের ওপরে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অজিজুল কালাই পৌরসভার আঁওড়া মহল্লার মোতালেব হোসেনের ছেলে। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছে।