পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছেড়ে দিয়ে এসেছেন গুলবাদিন!

বারবার বাঁক নিচ্ছিল ম্যাচটি। এক পর্যায়ে মনে হচ্ছিল শেষের রোমাঞ্চ ছড়িয়ে জয়ের আনন্দে মাতবে আফগানিস্তান। তা আর হলো না। সব আশা শেষ করে দিলেন দলটির অধিনায়ক গুলবাদিন নায়েব। এই ব্যর্থতার দায় তাকেই দিচ্ছে সমর্থকরা। গুলবাদিন নাকি ম্যাচটি ছেড়ে দিয়ে এসেছেন। তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগও তুলেছে কেউ কেউ।

শনিবার লিডসের হেডিংলিতে নখ কামড়ানো উত্তেজনা ম্যাচে শেষ ওভারে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় পাকিস্তান। গুলবাদিনের করা শেষ ওভারের দ্বিতীয় বলেই জয় নিশ্চিত করে ফেলে সরফরাজ আহমেদের দল। জয়ের খুব কাছে গিয়েও হারের লজ্জায় ডুবতে আফগানিস্তানকে।

দলের ব্যর্থতার জন্য সবাই দায়ী করছেন গুলবাদিনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা হচ্ছে তার। তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তুলে শাস্তিও দাবি করছেন কেউ কেউ।

ভারত থেকে একজন সমর্থক টুইটারে লিখেছে, “গুলবাদিন ম্যাচটি ছেড়ে দিয়ে এসেছেন।” আরিয়ান নামের একজন লিখেছেন- “পাকিস্তানকে সেমির পথ দেখালেন নায়েব।”

ক্রিকইনফো আফগানিস্তান নামের এক টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, “ম্যাচ ফিক্সিং হয়েছে কি-না গুলবাদিনকে তদন্ত করে দেখা উচিত।”

নাসরাত ওমেদ নামের একজন লিখেছেন, “গুলবাদিন নায়েবকে দল থেকে সরান, অধিনায়কত্ব থেকে হলেও সরান।” আরেকটি অ্যাকাউন্টে লেখা হয়েছে, “আফগানিস্তান দলের আরো একটি দুর্দান্ত পারফরম্যান্স। কিন্তু ম্যাচের ফলটা হৃদয়ভাঙা। পাকিস্তানকে জেতাতে ভালো অবদান রেখেছেন গুলবাদিন নায়েব।”