সিদ্ধিরগঞ্জে ইভা-ইরা নামক যাত্রীবাহী দূরন্ত পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মো. বাবুল মিয়া (৬০) নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টায় নারায়ণগঞ্জ-ডেমরা সড়কের শিমরাইল অ্যাপোলো স্পাত কারখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল মিয়া ডেমরা থানার সারুলিয়া পশ্চিম হাজীনগর এলাকার মৃত সুদন মিয়ার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও দূরন্ত গাড়ি আটক করে থানায় নিয়ে আসি। ঘটনার পর পরই দূরন্ত গাড়ির চালক হেলপার পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ইজিবাইক চালকরা নারায়ণগঞ্জ-ডেমরা সড়কের ৩টি স্পটে আগুন দিয়ে সড়ক অবরোধ করে।
এ সময় ২ ঘণ্টা সড়ক অবরোধের ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনার জন্য দূরন্ত পরিবহনকে দায়ী করে বিচারের দাবি জানায় অবরোধকারীরা। দূরন্ত গাড়ির মালিক সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার মো. ফরিদ দেওয়ান।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. শহিদুল আলম জানান, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের শান্ত ও সড়কের আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনি। ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়ে।