যশোরের আলোচিত ভবদহ এলাকায় আবার জলাবদ্ধতার আশঙ্কা করছেন জেলার অভয়নগর ও মনিরামপুর উপজেলার মানুষ। এ দুই উপজেলার জনপ্রতিনিধিরা গতকাল সোমবার সংবাদ সম্মেলনে সেই শঙ্কা ব্যক্ত করেছেন।
যশোর প্রেস ক্লাব মিলনায়তনে দুপুর ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১২ সালে বিল খুকশিয়া টিআরএম বন্ধ করে দেওয়ায় হরি নদীতে ভবদহ থেকে কাশিমপুর পর্যন্ত ১৭ কিলোমিটার পলিতে ভরাট হয়ে গেছে। এ কারণে আবার জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থা থেকে বর্তমান সময়ে পরিত্রাণের জন্য প্রয়োজন দ্রুত ওই ১৭ কিলোমিটার এবং উজানের নদী লক্ষাইডাঙ্গা পর্যন্ত ১০ কিলোমিটার খনন করা। পানি নিষ্কাশনের সব বাধা অপসারণ এবং আমডাঙ্গা খালের মাধ্যমে পানি নিষ্কাশনের জন্য খাল খনন করা। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভবদহ সমস্যা সমাধানের দীর্ঘমেয়াদি সমাধান হচ্ছে টিআরএম বা জোয়ারাধার প্রকল্প।
ভবদহ পানি নিষ্কাশন কমিটি অভয়নগর, মনিরামপুরের আহ্বায়ক এনামুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আশির দশকের শুরু থেকে ১৯৯৭ সাল পর্যন্ত অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও সদর উপজেলার বৃহৎ একটি অংশ জলাবদ্ধ থাকে।